
ঢাকা: প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশে গ্যাসের সরবরাহ ইতোমধ্যে বেড়েছে এবং সামনে তা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন জানান, জ্বালানি খাতে সরকার স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। কৃষি খাতের প্রয়োজন মেটাতে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পর্যাপ্ত সার মজুত থাকার কথাও জানান তিনি। সরবরাহ ব্যবস্থায় কোনো অনিয়ম বা সংকট দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন।
দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ ও নীতির কারণে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থার মূল্যায়নে বাংলাদেশের অবস্থানে ইতিবাচক পরিবর্তন এসেছে। এর ফলে বিদেশি বিনিয়োগের পাশাপাশি নারী ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন।
তরুণ উদ্যোক্তাদের সহায়তায় জামানতবিহীন ই-লোন চালুর উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রতিবছর ৫ হাজার তরুণকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা চালুর কথা তুলে ধরেন তিনি।
শিল্প খাতের বিকাশে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে জানিয়ে মাহদী আমিন বলেন, সরকারের লক্ষ্য নিরাপদ, মানবিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা।
এদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, অভিযোগের সত্যতা ও অপরাধের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা এবং অভিযোগ সত্য না হলে দায়মুক্তির কথা জানান তিনি।
বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে মাহদী আমিন আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতপার্থক্য সমাধানের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে গণতান্ত্রিক আন্দোলনের অধিকার নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।