রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত প্রায় ২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ সিদ্ধান্তের কথা জানান।
এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করার প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছেন সাংবাদিক ও শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় তারা সেখানে জড়ো হয়ে প্রশাসন ও ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
পরে রাত ১১টার দিকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে আলোচনায় বসে। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে আশ্বাস পাওয়ার পর শিক্ষার্থীরা বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত তাদের আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেন।