নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘিরে আলোচনায় থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, পরবর্তী সময়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং দলটির কর্মী টিকটিক মকবুল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পরিকল্পনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি অভিযোগ করেন। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে কী সিদ্ধান্ত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে বিএনপির কয়েকজন নেতাকর্মীও এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন আবুল হাসান। পরবর্তী সময়ে তাকে এসআরবিতে বদলি করা হয়।