নিজস্ব প্রতিবেদক:
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রাজধানীতে তিন দিনব্যাপী মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের অংশগ্রহণে রয়েছে ৬৪টি স্টল এবং ছয়টি প্যাভিলিয়ন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সম্প্রসারণ ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে।
সংশ্লিষ্টদের আশা, এ ধরনের আয়োজন দেশের প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি উৎপাদন বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং রফতানির নতুন সুযোগ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।