হরমুজ প্রণালির কাছে একটি জাহাজে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সংলাপ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাঁচ মাস ধরে চলমান সংঘাতের অবসানে আলোচনা নিয়ে দুই দেশের বক্তব্যে স্পষ্ট ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ চলছে এবং একটি সমঝোতায় পৌঁছানোর সুযোগ এখনো রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কাতারের অনুরোধে এই কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
অন্যদিকে ইরান ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা বা বৈঠকের পরিকল্পনা নেই। তিনি জানান, ইরানের কোনো আলোচক বিদেশে নেই এবং এ মুহূর্তে কেবল ওমানের সঙ্গে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে আলোচনা চলছে।
বাঘেই আরও জানান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বর্তমানে ধর্মীয় সফরে ইরাকে অবস্থান করছেন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক সংলাপের প্রস্তুতি বা সময়সূচি নির্ধারণ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং দুই দেশের পরস্পরবিরোধী অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়তে পারে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সূত্র: রয়টার্স।