সাহিদ আহম্মেদ টুটুল, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ, আহতদের অবদান এবং আন্দোলনের চেতনায় একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি এর চেতনাকে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুকসুদপুর-কাশিয়ানী আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের স্বপ্ন ও প্রত্যাশার বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে দেশপ্রেম, সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে আয়োজিত হয় বিজয় মিছিল। মিছিলটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা এবং একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি আধুনিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সমাজের প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।