প্রকাশ: ৯ আগস্ট ২০২৬
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে তাঁর পদ থেকে সরানোর লক্ষ্যে ‘সমন্বিত ও চলমান প্রচেষ্টা’ চলছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ইনফান্তিনোকে ঘিরে সাম্প্রতিক বিভিন্ন অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘অসত্য’ বলে দাবি করেছে সংস্থাটি।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে ইনফান্তিনোর ব্যক্তিগত সম্পর্ক এবং উয়েফায় দায়িত্ব পালনের সময় এক নারীর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে অভিযোগ প্রকাশিত হয়। তবে ফিফার দাবি, এসব অভিযোগ ইনফান্তিনো স্পষ্টভাবে অস্বীকার করেছেন এবং অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য।
শনিবার দেওয়া এক বিবৃতিতে ফিফা জানায়, অনুমান, ইঙ্গিত কিংবা যাচাইহীন অভিযোগকে কোনোভাবেই প্রতিষ্ঠিত সত্য হিসেবে উপস্থাপন করা উচিত নয়।
এফএফই প্রস্তাব ঘিরে বিরোধ
ইনফান্তিনোকে ঘিরে সাম্প্রতিক বিরোধের অন্যতম কারণ হয়ে উঠেছে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ বা এফএফই পরিকল্পনা। প্রস্তাবটি বাস্তবায়িত হলে বাণিজ্যিক ও টিকিটিং স্বত্ব ব্যবস্থাপনার জন্য একটি নতুন কোম্পানি গঠনের কথা ছিল। সেই কোম্পানির ২১ শতাংশ অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাও ছিল।
তবে ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত প্রস্তাবটি প্রত্যাহার করে ফিফা।
এদিকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি তাদের আস্থা নেই। এমনকি ফিফার বিভিন্ন আয়োজন বয়কটের হুমকিও বহাল রেখেছে তারা। নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেসও ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন।
নির্বাচিত নেতৃত্বের পক্ষে ফিফা
সমালোচনার জবাবে ফিফা বলেছে, সদস্য দেশগুলোর ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ইনফান্তিনো দায়িত্ব পালন করছেন। তাই প্রতিষ্ঠিত গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে অভিযোগ, অপপ্রচার কিংবা বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে সংস্থাটি।
তবে ইউরোপের বাইরে ইনফান্তিনোর প্রতি সমর্থনও রয়েছে। মেক্সিকো ফুটবল ফেডারেশন তাঁর পাশে থাকার কথা জানিয়েছে। দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবলও বলেছে, ফিফার ২১১ সদস্য দেশের ভোট ছাড়া ইনফান্তিনোকে সরানোর যেকোনো উদ্যোগ তারা প্রত্যাখ্যান করবে।
আফ্রিকান ফুটবল কনফেডারেশনের ৫৪ সদস্য দেশও ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে বলে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে মরক্কোর রাবাতে ফিফার ব্যবস্থাপনা বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করেন ইনফান্তিনো। পরে এফএফই প্রস্তাব নিয়ে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করে ফিফা।
তবে সংস্থাটি একই সঙ্গে সতর্ক করে বলেছে, ফিফার সুনাম, সুশাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না।
ফিফার ভাষ্য, গঠনমূলক সমালোচনা ও যাচাই-বাছাইকে তারা স্বাগত জানায়। তবে ভিত্তিহীন অভিযোগ, তথ্য বিকৃতি কিংবা বিভ্রান্তিকর প্রচারের মাধ্যমে সংস্থার কার্যক্রম বাধাগ্রস্ত করার সুযোগ দেওয়া হবে না।