সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
এক শোকবার্তায় তারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে এই দুঃসময়ে শোকাহত পরিবারগুলোর পাশে থাকার কথা জানিয়েছে সরকার।
ঘটনার পর বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান। নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং মরদেহের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার বিষয়ে সৌদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাসের যোগাযোগ অব্যাহত রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুরো পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দেওয়া হচ্ছে।
রোববার রাতে রিয়াদের একটি সোফা কারখানায় আগুনের সূত্রপাত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় ১৬ বাংলাদেশি প্রবাসী শ্রমিক প্রাণ হারান।