রাষ্ট্রপতি পদে নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (২০ আগস্ট)। প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে।
জাতীয় সংসদের সংসদকক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন করবেন।
এবার রাষ্ট্রপতি পদে মুখোমুখি হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
নির্বাচনকে কেন্দ্র করে সংসদকক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স রাখার ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত পদ্ধতিতে ভোট দেওয়ার পর সংসদ সদস্যরা ব্যালট বাক্সে তাদের ভোট জমা দেবেন। ভোটগ্রহণ শেষ হলে সেখানেই ব্যালট গণনা করা হবে।
ভোট গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করবেন। একই দিন নির্বাচন কমিশন থেকে ফলাফলের গেজেট প্রকাশের কথা রয়েছে।
পরবর্তী সময়ে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দেওয়ার ব্যবস্থা চালু হয়। পরবর্তী সময়ে সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।