October 6, 2026, 11:52 pm

প্রথমবার লটারিতে সাবরেজিস্ট্রার বদলি, ১৩১ জনের মধ্যে নির্বাচিত ১৮

Reporter Name

সাবরেজিস্ট্রারদের বদলি ও পদায়ন নিয়ে দীর্ঘদিনের নানা আলোচনা ও নেতিবাচক ধারণা দূর করতে নতুন উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলির কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকার ১৩১ জন সাবরেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে ঢাকার ১৮টি সাবরেজিস্ট্রি অফিসের জন্য বাছাই করা হয়েছে।
আইনমন্ত্রী বলেন, বদলি-পদায়ন নিয়ে মানুষের মধ্যে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা একদিনে পরিবর্তন করা সম্ভব নয়। তবে পরিবর্তনের জন্য কোথাও না কোথাও থেকে উদ্যোগ নিতে হবে, আর সেই উদ্যোগই শুরু হলো লটারির মাধ্যমে।
তিনি আরও জানান, ঢাকায় দায়িত্ব পাওয়াকে অনেক সময় ‘প্রাইস পোস্টিং’ হিসেবে দেখা হয়। তাই গুরুত্বপূর্ণ এসব পদে স্বচ্ছতা নিশ্চিত করতেই লটারির মাধ্যমে নির্বাচনের পদ্ধতি চালু করা হয়েছে।
লটারিতে নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সাবরেজিস্ট্রি অফিসে দায়িত্ব দেওয়া হবে। তবে নতুন কর্মস্থলে গিয়ে কোনো কর্মকর্তা দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী।
এদিকে সাবরেজিস্ট্রারের কাছ থেকে এক সাংবাদিকের টাকা নেওয়ার অভিযোগের বিষয়টিও মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।



ফেসবুকে আমরা