দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৭৩৩ জন রোগী ভর্তি হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক তথ্য থেকে এসব বিষয় জানা গেছে।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮৮ জন ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় (সিটি কর্পোরেশনের বাইরে) রয়েছেন। খুলনা বিভাগে ভর্তি হয়েছেন ৩০২ জন। বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ১৯১ জন করে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রাজশাহী বিভাগে ১৪৫ জন, রংপুর বিভাগে ৮৬ জন এবং সিলেট বিভাগে ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৫৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫৩ হাজার ৫৭০ জন।