নিজস্ব প্রতিবেদক
রাজধানীর জুরাইনে ছিনতাইয়ের চেষ্টার সময় সহযোগীর ছুরিকাঘাতে জনি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাপ্পি ও বারেক নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই সূত্রে জানা গেছে, নিহত জনি, বাপ্পি ও বারেক অটোরিকশা চালানোর আড়ালে ছিনতাই করতেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থাটি।
ঘটনার প্রায় দেড় মাস পর পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণ এ বিষয়ে সংবাদ সম্মেলন করে। সেখানে জানানো হয়, ঘটনার রাতে জুরাইনের বরইতলী এলাকায় দুই পথচারীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করেন ওই তিনজন। একপর্যায়ে পথচারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়।
এ সময় বাপ্পি কোমরে রাখা ছুরি দিয়ে একজন পথচারীকে আঘাত করতে গেলে ছুরিকাঘাতে আহত হন তারই সহযোগী জনি। পরে পরিস্থিতি বেগতিক দেখে বাপ্পি ও বারেক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তী সময়ে জনির মৃত্যু হয়।
এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।