October 10, 2026, 1:06 am

মার্চ ২০২৭-এর মধ্যে দৃশ্যমান হতে পারে পদ্মা ব্যারেজের কাজ

Reporter Name

পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ আগামী বছরের প্রথম প্রান্তিকের মধ্যেই দৃশ্যমান হতে পারে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বিজ মিলনায়তনে ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবনা’ শীর্ষক একটি সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, প্রকল্পের সম্ভাব্য এলাকা ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে এবং কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে কার্যক্রম চলছে।
এদিকে গঙ্গা চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে বাংলাদেশ ও ভারত নতুন চুক্তি সম্পন্ন করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। যৌথ নদী কমিশনের মাধ্যমে নিয়মিত বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই নতুন চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন পানিসম্পদ মন্ত্রী।
তিনি জানান, নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তিতে থাকা ‘গ্যারান্টি ক্লজ’ পুনরায় অন্তর্ভুক্ত করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার। শুধু চুক্তির মেয়াদ বাড়ানো নয়, বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করে নতুন চুক্তি করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, দেশের নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় মানুষের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পদ্মা ও তিস্তা নদীর তীরবর্তী মানুষের প্রত্যাশা এবং দেশের সামগ্রিক স্বার্থকে গুরুত্ব দিয়েই সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।



ফেসবুকে আমরা