বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের বিষয়টি বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নেবেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে আয়োজিত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শিক্ষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ নেই। শিক্ষাব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা জরুরি। শিক্ষা নিয়ে রাজনীতি করা হলে এর নেতিবাচক প্রভাব পুরো ব্যবস্থার ওপর পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।
দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, শিক্ষাদানের ক্ষেত্রে এখনো নানা ঘাটতি রয়েছে। নিজেদের অধিকার ও দাবি আদায়ের পাশাপাশি শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা ও মূল্যবোধ গড়ে তোলার প্রতিও শিক্ষকদের মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন বলেন, রাষ্ট্রের সামর্থ্য ও সক্ষমতা বিবেচনায় নিয়ে শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো পূরণের বিষয়ে সরকার ইতিবাচকভাবে কাজ করবে।
তিনি আরও জানান, অতীতে নিপীড়ন ও হয়রানির শিকার হওয়া শিক্ষকদের বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।