আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ‘সিয়েনা অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দুটি বিভাগে সম্মাননা অর্জন করেছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। তাঁর এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও উজ্জ্বল হলো।
শনিবার (১১ অক্টোবর) ইতালিতে আয়োজিত এক অনুষ্ঠানে এবারের প্রতিযোগিতার বিজয়ীদের স্বীকৃতি দেওয়া হয়।
প্রতিযোগিতার ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডসের ‘পিপল’ বিভাগে পিনু রহমানের ‘দ্য গোল্ডেন বার্ডেন’ শীর্ষক আলোকচিত্রটি বিজয়ী হয়েছে। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন সম্মানজনক ‘প্যানজিয়া প্রাইজ’।
অন্যদিকে, ডকুমেন্টারি অ্যান্ড ফটোজার্নালিজম বিভাগে তাঁর ‘ব্যাড মর্নিং ইন এ বার্নড ভ্যালি’ ছবিটি পেয়েছে ‘হাইলি রিকমেন্ডেড’ স্বীকৃতি।
আন্তর্জাতিক আলোকচিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিশ্বজুড়ে আলোকচিত্রশিল্পীদের কাছে সিয়েনা অ্যাওয়ার্ডস একটি পরিচিত আন্তর্জাতিক আয়োজন।
প্রতিযোগিতার আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর ১৬৩টি দেশ থেকে ৪০ হাজারেরও বেশি আলোকচিত্র জমা পড়ে। বিপুলসংখ্যক ছবির মধ্য থেকে দুটি বিভাগে স্বীকৃতি পাওয়া বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমানের জন্য উল্লেখযোগ্য অর্জন।