নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ সোমবার (২৪ আগস্ট) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। গত ২০ আগস্ট মামলাটির দীর্ঘ শুনানি শেষে রায়ের জন্য ২৪ আগস্ট দিন ধার্য করা হয়।
এর আগে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল ও জেল আপিল করেন। একইসঙ্গে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্সও হাইকোর্টে আসে।
চাঞ্চল্যকর এই মামলার আপিল, জেল আপিল ও ডেথ রেফারেন্সের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয় গত ২৮ জুলাই। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে মামলাটি রায়ের পর্যায়ে আসে।
নুসরাত জাহান রাফি ২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় পরীক্ষা দিতে গিয়ে অগ্নিদগ্ধ হন। পরে ১০ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬