August 24, 2026, 1:48 am
শিরোনাম:
প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন গার্ড অব অনার নৌ ও বিমানবাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন অ্যাডমিরাল হলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন স্টার্কের আগুনে পুড়ল বাংলাদেশের ব্যাটিং, ম্যাকাইয়ে অলআউট ৬৪ ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউফলের নূর রাষ্ট্রপতি পদে দুই প্রার্থীর লড়াই, ভোট আজ স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন দীপু মনি যশোরে ৭ লাখ টাকা লেনদেনে জালিয়াতির অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২

পুতিনের শুভেচ্ছার জবাবে রাশিয়ার সঙ্গে বন্ধন শক্তিশালী করার অঙ্গীকার কিমের

Reporter Name

আন্তর্জাতিক ডেস্ক | ১৬ আগস্ট ২০২৬

কোরিয়ার মুক্তি দিবস উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শুভেচ্ছাবার্তার জবাবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে এ তথ্য জানা গেছে।

শনিবার (১৫ আগস্ট) কোরিয়ার মুক্তি দিবস পালিত হয়। এ উপলক্ষে পুতিনের পাঠানো বার্তায় দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কথা উঠে আসে। জবাবে কিম বলেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার সম্পর্কের সামনে সম্ভাবনাময় ভবিষ্যৎ রয়েছে।

দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং অতীতের যৌথ সংগ্রামের ওপর প্রতিষ্ঠিত উল্লেখ করে কিম এ সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় জানান।

পুতিনও ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বিরুদ্ধে সোভিয়েত বাহিনীর লড়াই দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক ভিত্তি তৈরিতে ভূমিকা রেখেছিল বলেও তিনি উল্লেখ করেন।

সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধকে ঘিরে রাশিয়া ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা বেড়েছে। রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় উত্তর কোরিয়ার সামরিক সহায়তার বিষয়টি আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে আলোচিত হয়েছে।

তবে একই সময়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা কমিয়ে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়েছেন। কোরীয় যুদ্ধের যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তি ব্যবস্থায় রূপান্তর এবং উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাবও দিয়েছেন তিনি।

পিয়ংইয়ং অবশ্য এর আগে দক্ষিণ কোরিয়ার এমন উদ্যোগ প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকেও উত্তর কোরিয়া উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছে।

উল্লেখ্য, ১৯১০ সালে জাপান কোরিয়া দখল করে। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের পর দীর্ঘ ৩৫ বছরের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে।