কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে শতাধিক আইইডি-সংশ্লিষ্ট সরঞ্জাম এবং ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে পরিচালিত এ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বৈদ্যুতিক তার এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
বিজিবির কক্সবাজার রামু সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক-সংশ্লিষ্ট সরঞ্জাম সংগ্রহ করেছিল।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং পুরো চক্রের বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।