রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র, বিস্ফোরকসদৃশ বস্তু ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, রমনা থেকে ৩০ জন, লালবাগ থেকে ৪৩ জন, ওয়ারী থেকে ৬০ জন, মতিঝিল থেকে ৬৪ জন, তেজগাঁও থেকে ১০০ জন, মিরপুর থেকে ১১৭ জন, গুলশান থেকে ৪১ জন এবং উত্তরা থেকে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা, একটি চাপাতি এবং পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়।
এ ছাড়া তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, এক লিটার পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, আট বোতল বিদেশি মদ, এক হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।